বিশ্ব পরিবেশ দিবস: প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা 

রুপ্রান্ত পরিবেশ, সুবর্ণের আকারে

সৃজন করেছে, মানবের কারণে,

যাত্রা করে নাও, সংক্ষিপ্ত জীবনে

থাকবে না চিরকাল, এই মায়ার ভূবনে!

আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ আবাসস্থল হিসেবে সৃষ্টি করেছেন। আকাশ, বাতাস, নদী-নালা, পাহাড়-পর্বত, গাছ-পালা, পশু-পাখি এবং সমগ্র প্রকৃতি মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান। মানুষ প্রকৃতির কাছ থেকে খাদ্য, পানি, বিশুদ্ধ বাতাস এবং জীবনের জন্য প্রয়োজনীয় অসংখ্য নিয়ামত লাভ করে। তাই পরিবেশের প্রতি মানুষের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিন্তূ বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বায়ুদূষণ, জলদূষণ, শব্দদূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার মানুষের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অথচ ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, পরিমিতিবোধ এবং সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের শিক্ষা দেয়।তাই পবিত্র কুরআন ও হাদিসে পরিবেশ, পানি, গাছপালা, প্রাণী এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে অসংখ্য দিকনির্দেশনা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবন ও শিক্ষার মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন কীভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করতে হয়।তাই বিশ্ব পরিবেশ দিবস আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। ইসলামি দৃষ্টিকোণ থেকে পরিবেশ সংরক্ষণ শুধু সামাজিক দায়িত্ব নয়; বরং এটি ইবাদতেরও একটি অংশ।

ইসলামে পরিবেশের গুরুত্ব:

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে যা কিছু আছে, সবই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ পৃথিবীর মালিক নয়; বরং আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি বা খলিফা। তাই পৃথিবীর সম্পদ অপচয় না করে সংরক্ষণ করা মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

ইসলাম মানুষকে সবসময় ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়। অপ্রয়োজনীয় ভোগ-বিলাস, অপচয় ও ক্ষতিকর আচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। পরিবেশের প্রতি যত্নশীল হওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য।

পানির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি:

পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত। কুরআনে বলা হয়েছে, আমি পানি থেকে সকল জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। তাই পানির অপচয় করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া হাদিসে বর্ণিত আছে যে -আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) একবার সা‘দ (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন তিনি অজু করছিলেন। তখন নবীজি বললেন,যে এ কেমন অপচয়? তখন সা‘দ (রা.) জিজ্ঞাসা করলেন, অজুতেও কি অপচয় হতে পারে?নবীজি (সা.) বললেন,হ্যাঁ, তুমি যদি প্রবাহিত নদীর তীরেও থাকো তবুও। এই হাদিস আমাদের শেখায় যে পানি যতই সহজলভ্য হোক না কেন, তার অপচয় করা উচিত নয়। বর্তমান বিশ্বে পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পানির সঠিক ব্যবহার ও সংরক্ষণ এখন সময়ের দাবি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে-সর্বোত্তম সদকা হলো পানি পান করানো। এ থেকে বোঝা যায় যে তৃষ্ণার্ত মানুষ বা প্রাণীকে পানি পান করানো ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।

পৃথিবী ও পরিবেশ সম্পর্কে ইসলামের শিক্ষা:

আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের জন্য বসবাসযোগ্য ও সুন্দর করে সৃষ্টি করেছেন। পাহাড়, নদী, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে।তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে -পৃথিবী অত্যন্ত সবুজ ও সুন্দর। আল্লাহ তোমাদেরকে এর প্রতিনিধি (খলিফা) বানিয়েছেন, যাতে তিনি দেখেন তোমরা কীভাবে কাজ করো। এই হাদিসে মানুষকে পৃথিবীর রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরিবেশ রক্ষা করা মানুষের ওপর অর্পিত একটি আমানত। অতএব ইসলামে পৃথিবীকে শুধু বসবাসের স্থান হিসেবে নয়, বরং ইবাদতের স্থান হিসেবেও বিবেচনা করা হয়েছে। এই কারণে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে-সমগ্র পৃথিবীকে আমার জন্য পবিত্র ও মসজিদস্বরূপ করা হয়েছে। তাই পৃথিবীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি মুসলমানের দায়িত্ব।

গাছপালা ও সবুজায়নের গুরুত্ব:

গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ অক্সিজেন সরবরাহ করে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং পরিবেশকে শীতল রাখে।এই জন্য ইসলাম গাছ লাগানোকে অত্যন্ত উৎসাহিত করেছে।তাই মহানবী (সা.) বলেছেন, যে - যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারও হাতে একটি চারা গাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে।এই হাদিস মানুষের মাঝে আশাবাদ, দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করেএছাড়াআর একটি হাদিসে এসেছে যে- কোনো মুসলমান যদি একটি গাছ লাগায় বা জমিতে চাষ করে, আর তা থেকে মানুষ, পাখি বা পশু খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।এ থেকে বোঝা যায় যে গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং এটি সদকায়ে জারিয়ারও একটি মাধ্যম।তাই রাসূলুল্লাহ (সা.) অকারণে গাছ কাটতে নিষেধ করেছেন। কারণ গাছ শুধু মানুষের নয়, পশুপাখিরও আশ্রয়স্থল। তাই বনভূমি ধ্বংস করা প্রকৃতির প্রতি অবিচার।

প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি:

ইসলাম শুধু মানুষের অধিকার নয়, প্রাণীর অধিকার সম্পর্কেও শিক্ষা দেয়। পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তাই একটি বিখ্যাত হাদিসে এসেছে, যে- এক ব্যক্তি খুব তৃষ্ণার্ত অবস্থায় একটি কূপ থেকে পানি পান করল। পরে সে দেখল একটি কুকুর তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তখন সে আবার কূপে নেমে নিজের জুতায় পানি ভরে কুকুরটিকে পান করাল। আল্লাহ তার এই কাজকে পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।এছাড়া রাসূলুল্লাহ (সা.) আরো বলেছেন:প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়ার মধ্যে সওয়াব রয়েছে।

অন্যদিকে, এক নারী একটি বিড়ালকে বন্দি রেখে না খাইয়ে মারার কারণে শাস্তির সম্মুখীন হয়েছিল। এই হাদিস প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে।

রাসূলুল্লাহ (সা.) পাখির বাচ্চা আলাদা করতে নিষেধ করেছেন এবং পিঁপড়ার বাসা আগুন দিয়ে পোড়ানো থেকেও বিরত থাকতে বলেছেন। এসব শিক্ষা প্রমাণ করে যে ইসলাম সমগ্র সৃষ্টিজগতের প্রতি দয়া ও সহানুভূতির ধর্ম।

জীবনযাত্রায় ইসলামের পরিবেশবান্ধব শিক্ষা:

ইসলাম মানুষকে সহজ-সরল ও পরিমিত জীবনযাপনের শিক্ষা দেয়। অতিরিক্ত ভোগ-বিলাস ও অপচয় পরিবেশের ক্ষতির অন্যতম কারণ।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

সর্বোত্তম কাজ হলো সেই কাজ, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। এই শিক্ষা আমাদেরকে দায়িত্বশীল ও সচেতন জীবনযাপনের দিকে আহ্বান জানায়।তাই পরিবেশ দূষণ, বন উজাড়, নদী দখল বা প্রাকৃতিক সম্পদের অপচয়—সবই মানুষের ও প্রকৃতির ক্ষতির কারণ। তাই ইসলাম এসব থেকে বিরত থাকতে নির্দেশ দেয়।

রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া একটি সৎকাজ।

এটি পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্বকে নির্দেশ করে।ইসলাম খাদ্য ও সম্পদের অপচয় নিরুৎসাহিত করেছে। নবীজি (সা.) বলেছেন, মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না।অর্থাৎ পরিমিত আহার ও সংযমী জীবনযাপন পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য:

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ বিষয়ক সম্মেলনের পর ১৯৭৩ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা।বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, বন উজাড়, পানির সংকট ও বায়ুদূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যার সমাধানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি ছাড়া মানুষের অস্তিত্ব অসম্ভব। তাই প্রকৃতিকে ভালোবাসা, গাছ লাগানো, পানি সংরক্ষণ, প্রাণীর প্রতি সদয় আচরণ এবং পরিবেশ দূষণ রোধ করা আমাদের সবার দায়িত্ব। প্রথমত বেশি বেশি গাছ লাগানো ও বন সংরক্ষণ করা। দ্বিতীয় পানি অপচয় বন্ধ করা। তৃতীয় প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য কম ব্যবহার করা। চতুর্থ রাস্তা-ঘাট ও পরিবেশ পরিষ্কার রাখা। পঞ্চম পশুপাখির প্রতি সদয় আচরণ করা। ষষ্ঠ অপ্রয়োজনীয় ভোগ-বিলাস ও অপচয় পরিহার করা। সপ্তম পরিবেশ রক্ষায় ইসলামি শিক্ষাকে সমাজে প্রচার করা।

উপসংহার:

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতিও সমান গুরুত্ব দেয়। কুরআন ও হাদিসের শিক্ষা আমাদের জানায় যে পরিবেশ রক্ষা করা শুধু সামাজিক কর্তব্য নয়, বরং এটি ঈমান ও ইবাদতের অংশ। পানি সংরক্ষণ, গাছ লাগানো, প্রাণীর প্রতি দয়া প্রদর্শন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অপচয় থেকে বিরত থাকা—এসবই ইসলামের মহান শিক্ষা।কারণ আজকের বিশ্বে পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। যদি আমরা ইসলামের পরিবেশবান্ধব শিক্ষাগুলো বাস্তব জীবনে অনুসরণ করি, তবে একটি সুন্দর, সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, মানুষ যদি প্রকৃতিকে রক্ষা করে, তবে প্রকৃতিও মানুষকে রক্ষা করবে। তাই আসুন, আমরা সবাই মিলে পরিবেশ সংরক্ষণে সচেতন হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করি।

Related Posts

Leave A Comment

Voting Poll

Get Newsletter