শিক্ষা শুধু ডিগ্রি নয়, জাতি গঠনের শক্তি: জাতীয় শিক্ষা দিবসে স্মরণে মাওলানা আবুল কালাম আজাদ
১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়- শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয় বরং ব্যক্তি, সমাজ ও জাতিকে উন্নত করার অন্যতম প্রধান শক্তি। প্রতিটি জাতির উন্নতির পেছনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা মানুষকে শুধু অক্ষরজ্ঞান দেয় না বরং চিন্তা করতে শেখায়, ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে এবং সমাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। একটি শিক্ষিত সমাজই পারে দারিদ্র্য, কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে কার্যকর ভাবে লড়াই করতে। তাই শিক্ষা কোনো বিশেষ শ্রেণি বা সমাজের মানুষের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং প্রত্যেক মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
ভারতে প্রতি বছর ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস (National Education Day) পালন করা হয়। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শিক্ষা দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হলো শিক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে উৎসাহিত করা।
তবে এই দিনটি শুধু একজন মহান শিক্ষাবিদকে স্মরণ করার উপলক্ষ নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন শিক্ষা প্রয়োজন-এসব বিষয় নতুন করে ভাবারও একটি সুযোগ।
জাতীয় শিক্ষা দিবস কেন ১১ নভেম্বর পালিত হয়?
জাতীয় শিক্ষা দিবসের সঙ্গে ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, ইসলামি চিন্তাবিদ, সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ মাওলানা আবুল কালাম আজাদের নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। তিনি ১৮৮৮ সালের ১১ নভেম্বর পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা খাইরুদ্দিন এবং মাতার নাম আলিয়া। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। অল্প বয়সে পবিত্র কুরআন অধ্যয়ন শেষ করেন এবং আরবি, ফারসি, উর্দু ও অন্যান্য বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ইসলামি জ্ঞানচর্চার পাশাপাশি ইতিহাস, দর্শন, সাহিত্য ও রাজনীতিতেও বিশেষ দক্ষতা অর্জন করেন।
ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তিনি সাংবাদিকতাকে শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ১৯১২ সালে তিনি উর্দু পত্রিকা আল-হিলাল প্রকাশ শুরু করেন। এই পত্রিকার মাধ্যমে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেন এবং ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলেন।
তিনি হিন্দু-মুসলিম ঐক্যের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। ধর্মীয় পরিচয়ের পার্থক্য থাকা সত্ত্বেও দেশের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার পক্ষে তিনি কথা বলেছেন। ভারতের বিভাজনেরও বিরোধিতা করেছিলেন।
স্বাধীনতার পর ১৯৪৭ সালে তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় (Ministry of Human Resource Development) ঘোষণা করে যে, প্রতি বছর ১১ নভেম্বর মাওলানা আজাদের জন্মবার্ষিকী জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হবে। ২০০৮ সালের ১১ নভেম্বর প্রথমবারের মতো দেশজুড়ে এই দিবস পালিত হয়। বর্তমানে মন্ত্রণালয়টির নাম শিক্ষা মন্ত্রণালয় (Ministry of Education)।
শিক্ষা ব্যবস্থায় তাঁর অবদান:
স্বাধীনতার সময় ভারত নানা সমস্যার মুখোমুখি ছিল। দেশের অধিকাংশ মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। গ্রামাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব, দারিদ্র্য, নিরক্ষরতা এবং নারীশিক্ষার সীমিত সুযোগ ছিল বড় সমস্যা। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আজাদ।
তিনি বিশ্বাস করতেন, একটি দেশের প্রকৃত উন্নতি শুধু অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক। তাঁর শিক্ষা-ভাবনায় কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছিল।
প্রথম-সবার জন্য শিক্ষার সুযোগ: মাওলানা আজাদ চেয়েছিলেন, ধর্ম, জাতি, ভাষা, অর্থনৈতিক অবস্থা কিংবা সামাজিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষ শিক্ষার সুযোগ পাক। তিনি ১৪ বছর বয়স পর্যন্ত সব শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। তাঁর মতে, শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং প্রত্যেক শিশুর অধিকার। অর্থের অভাবে কোনো শিশুর শিক্ষাজীবন বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।
দ্বিতীয়- নারীশিক্ষার প্রসার: একটি সমাজের উন্নতির জন্য নারীশিক্ষা অপরিহার্য। মাওলানা আজাদ মনে করতেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ উভয়েই শিক্ষার সমান সুযোগ পাবে। নারীরা শিক্ষিত হলে পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্ম উপকৃত হয়। তাই তিনি নারীশিক্ষার প্রসার এবং মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছিলেন।
তৃতীয়- উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়ন: মাওলানা আজাদ উচ্চশিক্ষাকে দেশের ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাধীন চিন্তাচর্চার পরিবেশ তৈরির পক্ষে ছিলেন। তাঁর শিক্ষামন্ত্রিত্বের সময় ১৯৫১ সালে খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) প্রতিষ্ঠিত হয়। উচ্চশিক্ষার মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) গঠনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৩ সালে কমিশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং ১৯৫৬ সালে এটি আইনি মর্যাদা লাভ করে।
চতুর্থ-.বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার: আধুনিক পৃথিবীতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব অপরিসীম। মাওলানা আজাদ উপলব্ধি করেছিলেন, স্বাধীন ভারতের উন্নতির জন্য দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরি করা প্রয়োজন। তাই তিনি কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেন। তাঁর সময়েই IIT Kharagpur প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে দেশের অন্যান্য IIT প্রতিষ্ঠার পথ সুগম হয়।
পঞ্চম- সাহিত্য ও সংস্কৃতির বিকাশ: মাওলানা আজাদ মনে করতেন, শিক্ষা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। একটি জাতির ইতিহাস, সাহিত্য, ভাষা ও সংস্কৃতিও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাঁর সময়কালে ভারতীয় সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে- সঙ্গীত নাটক আকাদেমি (১৯৫৩), সাহিত্য আকাদেমি (১৯৫৪), ললিত কলা আকাদেমি (১৯৫৪) এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) প্রতিষ্ঠিত ১৯৫০ সালে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সাহিত্য, সংগীত, শিল্পকলা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
শিক্ষা সম্পর্কে তাঁর চিন্তাভাবনা:
মাওলানা আজাদের শিক্ষা-দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল- শিক্ষাকে মানুষের সামগ্রিক বিকাশের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা। তিনি মনে করতেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করা কিংবা চাকরি পাওয়ার জন্য নয়, বরং মানুষের চিন্তাশক্তি, নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য। তিনি প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহারের পক্ষে ছিলেন। তাঁর মতে, শিশু নিজের পরিচিত ভাষায় সহজে বিষয় বুঝতে পারে। অন্যদিকে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্বও তিনি স্বীকার করেছিলেন।
ধর্মীয় শিক্ষার বিষয়েও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি মনে করতেন, ধর্মীয় শিক্ষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করলে চলবে না। বরং সুস্থ, সঠিক ও মানবিক ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, সহনশীলতা এবং অন্য ধর্মের প্রতি সম্মানবোধ তৈরি করতে পারে। এখানে তাঁর চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো- শিক্ষা মানুষকে সংকীর্ণতা ও অসহিষ্ণুতা থেকে মুক্ত করে উদার, যুক্তিবাদী এবং দায়িত্বশীল করে তুলবে।
১৯৯২ সালে দেশের প্রতি তাঁর অসামান্য অবদান ও স্বাধীনতা আন্দোলনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হয়।
ভারতের সংবিধানে শিক্ষার অধিকার:
ভারতের সংবিধানেও শিক্ষার গুরুত্ব বিশেষভাবে স্বীকৃত হয়েছে। প্রত্যেক শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য বিভিন্ন সাংবিধানিক বিধান ও আইন রয়েছে। অনুচ্ছেদ ২১এ (Article 21A) ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদ যুক্ত করা হয়। এর অধীনে ৬ থেকে ১৪ বছর বয়সি প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুচ্ছেদ ৪৫ (Article 45) ছয় বছরের কম বয়সি শিশুদের জন্য প্রাথমিক শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যবস্থা করার বিষয়ে রাষ্ট্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুচ্ছেদ ৩৯(এফ) (Article 39(f)) শিশুদের সুস্থ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ এবং শোষণ ও অবহেলা থেকে সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অনুচ্ছেদ ৪৬ (Article 46) সমাজের দুর্বল শ্রেণি, বিশেষত তফসিলি জাতি ও উপজাতির মানুষের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
এ ছাড়া ২০০৯ সালে Right of Children to Free and Compulsory Education Act বা RTE Act পাস হয়। আইনটি ২০১০ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়। এর মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি হয়।
ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ:
স্বাধীনতার পর থেকে ভারত সরকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নের জন্য বিভিন্ন নীতি ও প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো-
১.জাতীয় শিক্ষানীতি ১৯৮৬: শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ, নারীশিক্ষা, প্রাথমিক শিক্ষার প্রসার এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। ২. সর্বশিক্ষা অভিযান (Sarva Shiksha Abhiyan): ২০০১ সালে চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ৬ থেকে ১৪ বছর বয়সি সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা। ৩. মধ্যাহ্নভোজ প্রকল্প (Mid-Day Meal Scheme): ১৯৯৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে এটি PM POSHAN নামে পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য শিশুদের পুষ্টির উন্নতি, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো।৪. সমগ্র শিক্ষা অভিযান (Samagra Shiksha): ২০১৮ সালে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে প্রাক্-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020): এই নীতিতে শিক্ষার মান উন্নয়ন, মাতৃভাষায় শিক্ষাদান, দক্ষতা বৃদ্ধি, বহুমুখী শিক্ষাব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং গবেষণার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী করে তোলা।
জাতীয় শিক্ষা দিবস কীভাবে পালন করা হয়?
প্রতি বছর ১১ নভেম্বর ভারতের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুরুত্ব এবং মাওলানা আজাদের অবদান সম্পর্কে সচেতনতা তৈরিই এসব কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
সাধারণত এই দিনে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হয়, সেগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও সেমিনার। মাওলানা আবুল কালাম আজাদের জীবন ও অবদান নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা। বইপড়া ও জ্ঞানচর্চার কর্মসূচি। নারীশিক্ষা ও নিরক্ষরতা দূরীকরণে সচেতনতামূলক প্রচার। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর কর্মশালা।
এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার সামাজিক গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে।
বর্তমানে এই দিনের গুরুত্ব:
বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবন ও শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে প্রভাবিত করছে। এখন শুধু বইয়ের তথ্য মুখস্থ করলেই একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষিত বলা যায় না। তার মধ্যে প্রয়োজন চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা।
কিন্তু দুঃখজনকভাবে আজও সমাজের অনেক মানুষ মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে গ্রামাঞ্চল, দরিদ্র পরিবার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক শিশুর কাছে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহজে পৌঁছায় না। কোথাও অর্থনৈতিক সমস্যা, কোথাও বিদ্যালয়ের অভাব, আবার কোথাও সামাজিক সচেতনতার ঘাটতি শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। ডিজিটাল শিক্ষার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। শহরের অনেক শিক্ষার্থী ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির সুবিধা পেলেও প্রত্যন্ত অঞ্চলের বহু শিক্ষার্থী সেই সুযোগ পায় না। ফলে শিক্ষাক্ষেত্রে নতুন ধরনের বৈষম্য তৈরি হচ্ছে।
অন্যদিকে শিক্ষার বাণিজ্যিকীকরণ, পরীক্ষাকেন্দ্রিক প্রতিযোগিতা, অতিরিক্ত নম্বরের চাপ এবং চাকরিমুখী চিন্তাভাবনা অনেক সময় শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে আড়াল করে দিচ্ছে। শিক্ষার্থীরা ভালো ফলাফল ও ডিগ্রি অর্জনের দিকে বেশি মনোযোগ দিলেও নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।
এমন পরিস্থিতিতে মাওলানা আজাদের শিক্ষা-ভাবনা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাঁর দৃষ্টিতে শিক্ষা ছিল ব্যক্তি ও সমাজের সামগ্রিক উন্নয়নের মাধ্যম। তাই আজকের শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চাও সমানভাবে প্রয়োজন।
আমাদের করণীয়:
জাতীয় শিক্ষা দিবস শুধু আনুষ্ঠানিকভাবে পালন করলেই এর উদ্দেশ্য পূরণ হবে না। শিক্ষার প্রকৃত উন্নয়নের জন্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সমাজের প্রত্যেক সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রথমত, অর্থনৈতিক অবস্থার কারণে যেন কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, শহর ও গ্রামের মধ্যে শিক্ষার সুযোগের বৈষম্য কমাতে হবে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা, বিজ্ঞানমনস্কতা, গবেষণা, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য যাচাই, অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ শেখানোও জরুরি। শিক্ষকদেরও শুধু পাঠ্যবইয়ের বিষয় পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং শিক্ষার্থীদের মধ্যে ভালো মানুষ হওয়ার গুণাবলি, সত্যবাদিতা, শৃঙ্খলা, সহমর্মিতা ও অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
উপসংহার
মাওলানা আবুল কালাম আজাদের জীবন ও কর্ম আমাদের শেখায় যে, শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি গঠনে তাঁর অবদান আজও স্মরণীয়। তিনি এমন একটি শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, যেখানে প্রত্যেক শিশু শিক্ষার সুযোগ পাবে এবং জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও নৈতিকতার সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ে উঠবে। ২০২৬ সালের জাতীয় শিক্ষা দিবসে তাঁর অবদান স্মরণ করার পাশাপাশি আমাদের নিজেদেরও প্রশ্ন করা প্রয়োজন- আমাদের শিক্ষা কি সত্যিই মানুষকে জ্ঞানী, মানবিক ও দায়িত্বশীল করে তুলছে? নাকি আমরা শুধু ডিগ্রি, নম্বর ও চাকরির পেছনে ছুটছি?
মনে রাখতে হবে, প্রকৃত শিক্ষা মানুষকে শুধু জীবিকা অর্জনের যোগ্য করে তোলে না; বরং মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তাই প্রত্যেক শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানোই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য। কারণ, একটি শিক্ষিত জাতি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করে না বরং সমগ্র সমাজ ও দেশের ভবিষ্যৎকে আলোকিত করে।