ইসলামে তাকদীর ও মানুষের স্বাধীন ইচ্ছা: কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা

ইসলামের মৌলিক বিশ্বাসের (ঈমানের) ছয়টি স্তম্ভের একটি হলো তাকদীরের প্রতি বিশ্বাস (আল-ক্বাদা ওয়াল-ক্বদর)। একজন মুসলিমের জন্য এই বিশ্বাস অপরিহার্য, কারণ এটি আল্লাহ তাআলার সর্বশক্তিমান সত্তা, তাঁর সর্বজ্ঞতা এবং সমগ্র সৃষ্টিজগতের ওপর তাঁর পূর্ণ কর্তৃত্বের প্রতি ঈমানের প্রকাশ। একই সঙ্গে ইসলাম শিক্ষা দেয় যে মানুষ তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব হয়, যদি আল্লাহ পূর্ব থেকেই সবকিছু নির্ধারণ করে রাখেন, তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মের মূল্য কোথায়? আবার যদি মানুষ সম্পূর্ণ স্বাধীন হয়, তাহলে আল্লাহর সর্বময় ক্ষমতা ও সার্বভৌমত্বের অর্থ কী? এই প্রশ্নটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মতাত্ত্বিক আলোচনার বিষয়। ইসলামের প্রাথমিক যুগে এই বিষয়কে কেন্দ্র করে মুসলিম সমাজে দুটি চরমপন্থী মতবাদের উদ্ভব ঘটে। একদল, কাদারিয়্যাহ, মনে করত মানুষ সম্পূর্ণ স্বাধীন এবং আল্লাহ মানুষের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ করেন না। অপরদিকে জাবারিয়্যাহ বিশ্বাস করত মানুষ সম্পূর্ণ বাধ্য; তার নিজের কোনো স্বাধীন ইচ্ছা নেই এবং সে যা করে তা সম্পূর্ণরূপে পূর্বনির্ধারিত। এই দুই মতবাদই ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষার বিপরীত অবস্থান গ্রহণ করেছিল।

পবিত্র কুরআন ও সুন্নাহ এই দুটি চরম অবস্থানের পরিবর্তে একটি মধ্যপন্থা গ্রহণ করেছে। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তাঁর ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোনো কিছুই সংঘটিত হয় না। কিন্তু একই সঙ্গে মানুষকে চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সৎ বা অসৎ পথ বেছে নেওয়ার সুযোগ প্রদান করা হয়েছে। এই স্বাধীনতার কারণেই মানুষ তার কর্মের জন্য দায়ী এবং কিয়ামতের দিন তার বিচার হবে। তাকদীরের বিষয়টি কেবল ধর্মীয় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জীবনদর্শন, নৈতিকতা, দায়িত্ববোধ, ধৈর্য, আশা, তাওয়াক্কুল (আল্লাহর ওপর নির্ভরতা) এবং আত্মউন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন ব্যক্তি যদি তাকদীর সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারে, তবে সে বিপদে ধৈর্য ধারণ করতে পারে, সফলতায় অহংকারে লিপ্ত হয় না এবং প্রতিটি কাজে আল্লাহর ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়।

১. তাকদীর (আল-ক্বাদা ও আল-ক্বদর)-এর ধারণা

ইসলামে তাকদীর বোঝাতে আল-ক্বাদা ও আল-ক্বদর (القضاء والقدر) শব্দদ্বয় ব্যবহৃত হয়। আক্ষরিক অর্থে আল-ক্বাদা বলতে বোঝায় ‘চূড়ান্ত সিদ্ধান্ত বা ফয়সালা’ এবং আল-ক্বদর বলতে বোঝায় ‘পরিমাপ, নির্ধারণ বা পরিকল্পনা’। এই দুটি শব্দ একত্রে আল্লাহ তাআলার সেই সার্বিক পরিকল্পনাকে নির্দেশ করে, যার মাধ্যমে তিনি সমগ্র বিশ্বজগতের প্রতিটি বিষয় নির্ধারণ করেছেন।

ইমাম ইবন হাজর (রহ.)-এর মতে, আল-ক্বাদা হলো আল্লাহর চূড়ান্ত ও সর্বব্যাপী সিদ্ধান্ত এবং আল-ক্বদর হলো সেই সিদ্ধান্তের বাস্তবায়নের বিস্তারিত রূপ। অর্থাৎ, আল্লাহ তাআলা অনন্তকাল থেকেই সবকিছুর পূর্ণ জ্ঞান রাখেন এবং তাঁর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘটনাগুলো নির্দিষ্ট সময়ে বাস্তবায়িত হয়।

কুরআনে তাকদীরের ধারণা ব্যাখ্যা করতে লাওহে মাহফুয (সংরক্ষিত ফলক)-এর কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে, সমস্ত সৃষ্টি, ভবিষ্যতে যা কিছু ঘটবে এবং তাঁর নাযিলকৃত কিতাবসমূহ সবই সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। এর অর্থ হলো, পৃথিবীতে কোনো ঘটনা আকস্মিকভাবে ঘটে না; বরং প্রতিটি বিষয় আল্লাহর সর্বজ্ঞ জ্ঞানের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ -ও বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ব থেকেই অবগত। এমনকি মানুষের জন্মের পূর্বেই একজন ফেরেশতা তার রিজিক, আয়ু, আমল এবং চূড়ান্ত পরিণতি লিপিবদ্ধ করে দেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর জ্ঞান সীমাহীন এবং তিনি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ অবগত। তবে এই পূর্বজ্ঞান মানুষের স্বাধীনতাকে বাতিল করে না। কারণ আল্লাহর জ্ঞান এবং মানুষের কর্ম দুটি ভিন্ন বিষয়। আল্লাহ আগে থেকেই জানেন মানুষ কী সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করতে মানুষকে বাধ্য করেন না। বরং মানুষ নিজের ইচ্ছা ও বিবেকের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তের জন্যই আল্লাহর কাছে জবাবদিহি করে। এই কারণেই তাকদীরের প্রতি বিশ্বাস মানুষের কর্মবিমুখতার শিক্ষা দেয় না। বরং এটি মানুষকে শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। কারণ মানুষের দায়িত্ব হলো চেষ্টা করা, আর ফলাফল নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে।

২. আল্লাহর সর্বময় ক্ষমতা ও মানুষের স্বাধীন ইচ্ছা

ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস হলো, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। আকাশ, পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সবই তাঁর সৃষ্টি এবং তাঁর ইচ্ছা ও নিয়ন্ত্রণের অধীন। কুরআন বারবার ঘোষণা করেছে যে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ঘটনা সংঘটিত হয় না এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তাঁর জ্ঞান সীমাহীন এবং তাঁর ক্ষমতার বাইরে কোনো কিছুই নয়। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, যদি আল্লাহই সবকিছু নির্ধারণ করেন, তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা কোথায়? মানুষ কি তার নিজের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন, নাকি সে সম্পূর্ণরূপে বাধ্য?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইসলামের প্রাথমিক যুগে দুটি চরমপন্থী মতবাদের সৃষ্টি হয়। প্রথম দল কাদারিয়্যাহ মনে করত যে মানুষ তার কর্মে সম্পূর্ণ স্বাধীন এবং আল্লাহ মানুষের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ করেন না। তাদের মতে, মানুষ নিজের ভাগ্যের সম্পূর্ণ নির্মাতা। অন্যদিকে জাবারিয়্যাহ বিশ্বাস করত যে মানুষ নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না; সে সম্পূর্ণরূপে আল্লাহর সিদ্ধান্তের অধীন এবং তার সমস্ত কাজ পূর্ব থেকেই নির্ধারিত। তাদের মতে, মানুষের নিজের কোনো স্বাধীন ইচ্ছা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।

কুরআন ও সুন্নাহ এই দুই চরম মতবাদকে প্রত্যাখ্যান করে একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা উপস্থাপন করেছে। ইসলাম শিক্ষা দেয় যে, আল্লাহ তাআলা অবশ্যই সর্বময় ক্ষমতার অধিকারী এবং তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংঘটিত হয় না। একই সঙ্গে তিনি মানুষকে বিবেক, জ্ঞান, চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করেছেন। এই ক্ষমতার কারণেই মানুষ সৎ ও অসৎ, ন্যায় ও অন্যায়, ঈমান ও কুফরের মধ্যে নির্বাচন করতে পারে। তাই মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী এবং কিয়ামতের দিন তাকে সেই কর্মের হিসাব দিতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন: 

"এটি সমগ্র মানবজাতির জন্য উপদেশ। তোমাদের মধ্যে যে ইচ্ছা করে, সে সঠিক পথ গ্রহণ করতে পারে। তবে তোমরা তখনই তা চাইতে পারবে, যখন আল্লাহ ইচ্ছা করবেন।"

এই আয়াত মানুষের স্বাধীন ইচ্ছা এবং আল্লাহর সর্বময় ক্ষমতার মধ্যে সুন্দর সমন্বয় প্রতিষ্ঠা করেছে। মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, সুযোগ ও ক্ষমতা আল্লাহরই দান। অর্থাৎ মানুষের স্বাধীনতা সীমাহীন নয়; বরং তা আল্লাহর ইচ্ছার অধীন। এ বিষয়ে ইমাম ইবন তাইমিয়্যা (রহ.) অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা। তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দেন। একই সঙ্গে তিনি তাঁর বান্দাদের ইচ্ছা ও সামর্থ্য দান করেছেন, যাতে তারা নিজেরাই কর্ম সম্পাদন করতে পারে। কিন্তু মানুষের সেই ইচ্ছাও আল্লাহর ইচ্ছার বাইরে কার্যকর হতে পারে না। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্যণীয়। আল্লাহ মানুষের ওপর জুলুম করেন না এবং কাউকে জোরপূর্বক পাপ করতে বাধ্য করেন না। বরং মানুষ নিজের ইচ্ছায় কোনো পথ বেছে নেয়। আল্লাহ সেই সিদ্ধান্ত সম্পর্কে পূর্ব থেকেই অবগত থাকেন এবং তাঁর জ্ঞানের ভিত্তিতে তাকদীর নির্ধারিত থাকে। তাই আল্লাহর পূর্বজ্ঞান এবং মানুষের স্বাধীন সিদ্ধান্ত দুটি বিষয়কে এক করে দেখা সঠিক নয়।

এটি একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যায়। একজন অভিজ্ঞ শিক্ষক হয়তো তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে অনুমান করতে পারেন যে কোনো ছাত্র পরীক্ষায় ভালো ফল করবে বা ব্যর্থ হবে। কিন্তু শিক্ষকের এই পূর্বধারণা ছাত্রকে বাধ্য করে না। ছাত্র নিজের পরিশ্রমের মাধ্যমেই সফল বা ব্যর্থ হয়। অনুরূপভাবে, আল্লাহ তাআলার জ্ঞান মানুষের সিদ্ধান্তকে বাধ্য করে না; বরং তিনি আগে থেকেই জানেন মানুষ কী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ইসলামের শিক্ষা হলো, মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নেক আমল করবে। কারণ মানুষের কর্মই তার ভবিষ্যৎ পরিণতির অন্যতম কারণ। আল্লাহ তাআলা মানুষকে কর্ম করার নির্দেশ দিয়েছেন, অলস বসে থাকার নয়। যদি মানুষ কেবল তাকদীরের অজুহাতে কর্মবিমুখ হয়ে পড়ে, তবে তা ইসলামের শিক্ষার পরিপন্থী। অতএব, ইসলামের দৃষ্টিতে আল্লাহর সর্বময় ক্ষমতা এবং মানুষের স্বাধীন ইচ্ছা একে অপরের বিরোধী নয়; বরং পরস্পরের পরিপূরক আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, আর মানুষ তাঁর প্রদত্ত সীমিত স্বাধীনতা ব্যবহার করে নিজের জীবন পরিচালনা করে। এই স্বাধীনতার কারণেই মানুষের কর্মের মূল্য রয়েছে এবং সে তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে।

৩. মানুষের কর্ম, দায়িত্ব ও জবাবদিহিতা

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী আল্লাহ তাআলা মানুষকে বিবেক, জ্ঞান, বিচারবুদ্ধি এবং সৎ ও অসৎ পথের মধ্যে নির্বাচন করার ক্ষমতা দিয়েছেন। তাই মানুষ যা কিছু করে, তার সম্পূর্ণ দায়ভার তাকেই বহন করতে হবে। কিয়ামতের দিন কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না এবং প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের হিসাব আল্লাহর কাছে প্রদান করবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন: 

"প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মের জন্য দায়ী। কোনো ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। শেষ পর্যন্ত তোমরা সবাই তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে এবং তিনি তোমাদের মতভেদের প্রকৃত সত্য জানিয়ে দেবেন।"

এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম ব্যক্তিগত দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মানুষের জন্ম, পরিবার বা সামাজিক অবস্থান নয়; বরং তার ঈমান, নিয়ত ও কর্মই আল্লাহর কাছে মূল্যবান। একজন ব্যক্তি যদি সৎকর্ম করে, তবে তার প্রতিদান সে নিজেই লাভ করবে। আবার কেউ যদি অন্যায় ও পাপাচারে লিপ্ত হয়, তবে তার ফলও তাকেই ভোগ করতে হবে। এই কারণেই কিয়ামতের বিচারব্যবস্থা ন্যায়ভিত্তিক। যদি মানুষ নিজের ইচ্ছায় কোনো কাজ করার স্বাধীনতা না পেত, তাহলে তার বিচার করা ন্যায়সঙ্গত হতো না। কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ মানুষকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বিচার করবেন। তাই মানুষের স্বাধীন ইচ্ছা এবং জবাবদিহিতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

নেক আমলের প্রভাব

কুরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষের প্রতিটি নেক আমল তার জীবন ও আখিরাতের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। নেক কাজ কেবল আখিরাতের জন্য নয়; দুনিয়ার জীবনেও এর বহু কল্যাণকর প্রভাব রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন: 

"সৎকর্ম মানুষকে অকল্যাণকর পরিণতি থেকে রক্ষা করে। গোপনে দান করা আল্লাহর অসন্তোষ দূর করে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আয়ু বৃদ্ধি করে। পৃথিবীতে যারা সৎকর্মশীল, আখিরাতেও তারাই সৌভাগ্যবান হবে।"

এই হাদিসে রাসূল স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন যে মানুষের কর্ম তার জীবনের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং তা মানুষের জন্য রহমত ও বরকতের কারণ হয়।

হযরত ইবন আব্বাস (রা.) নেক আমলের প্রভাব সম্পর্কে বলেন, সৎকর্ম মানুষের মুখমণ্ডলে উজ্জ্বলতা সৃষ্টি করে, অন্তরে প্রশান্তি ও নূর দান করে, রিজিকে বরকত আনে, শরীরকে শক্তিশালী করে এবং মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে। বিপরীতে, পাপাচার মানুষের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে, রিজিক সংকুচিত করে এবং মানুষের কাছে তাকে অপছন্দনীয় করে তোলে। অতএব, নেক আমল কেবল আখিরাতের সফলতার জন্য নয়; বরং পার্থিব জীবনেও শান্তি, সম্মান ও কল্যাণের অন্যতম কারণ।

আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

ইসলামে আত্মীয়তার সম্পর্ক (সিলাতুর রাহিম) বজায় রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। এটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয়; বরং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় একটি আমল। রাসূলুল্লাহ বলেন: 

"যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি এবং আয়ু দীর্ঘ হওয়া কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।"

এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের জীবনে বিশেষ বরকত দান করেন। পরিবার ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক সমাজে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি করে। তাই একজন মুমিনের উচিত আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচরণ করা এবং সম্পর্ক ছিন্ন না করা।

দোয়া ও তাকদীরের সম্পর্ক

তাকদীর সম্পর্কে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো: দোয়া ও নেক আমল আল্লাহর ইচ্ছায় মানুষের ভাগ্যের পরিবর্তনের মাধ্যম হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন: 

"দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে প্রতিহত করতে পারে না এবং নেক আমল ছাড়া আর কিছুই আয়ু বৃদ্ধি করতে পারে না।"

অন্য এক হাদিসে তিনি বলেন: 

"কোনো মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে এবং সেই দোয়ায় পাপ কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, তবে আল্লাহ হয় তার দোয়া কবুল করেন, অথবা তার পরিবর্তে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন।"

এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে দোয়া কখনোই অর্থহীন নয়। একজন মুমিন যখন আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ তার জন্য কল্যাণের ব্যবস্থা করেন। কখনো দোয়া সরাসরি কবুল হয়, কখনো কোনো বিপদ দূর হয়, আবার কখনো আখিরাতের জন্য তার প্রতিদান সংরক্ষিত থাকে।

রাসূল ও সাহাবিদের দোয়া

তাকদীর সম্পর্কে সঠিক বিশ্বাসের বাস্তব উদাহরণ আমরা রাসূলুল্লাহ এবং সাহাবিদের জীবনে দেখতে পাই। রাসূল নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি অকল্যাণকর তাকদীর থেকে রক্ষা পান। তিনি জানতেন যে সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন, তাই বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে।

অনুরূপভাবে, হযরত উমর ইবনুল খাত্তাব (রা.), হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) এবং অন্যান্য সাহাবিগণও আল্লাহর কাছে এই মর্মে দোয়া করতেন যে, যদি তাদের জন্য অকল্যাণ নির্ধারিত হয়ে থাকে, তবে আল্লাহ যেন তা পরিবর্তন করে কল্যাণ লিখে দেন। এসব দোয়া প্রমাণ করে যে সাহাবিগণ বিশ্বাস করতেন আল্লাহর ইচ্ছায় দোয়া ও নেক আমল মানুষের জন্য রহমত ও কল্যাণের কারণ হতে পারে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। দোয়া তাকদীরের বিরুদ্ধে বিদ্রোহ নয়; বরং তাকদীরেরই একটি অংশ। আল্লাহ নিজেই দোয়ার নির্দেশ দিয়েছেন এবং দোয়াকে কল্যাণ লাভের একটি মাধ্যম বানিয়েছেন। তাই একজন মুমিনের কর্তব্য হলো সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, তাঁর রহমত কামনা করা এবং নেক আমলের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। সুতরাং, ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষ তার কর্মের জন্য সম্পূর্ণ দায়ী। নেক আমল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, দান-সদকা এবং আন্তরিক দোয়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এগুলো আল্লাহর নির্ধারিত কার্যকারণ ব্যবস্থারই অংশ এবং এগুলোর মাধ্যমেই একজন মুমিন দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের আশা করতে পারে।

৪. তাওয়াক্কুল, কার্যকারণ এবং তাকদীরের রহস্য

ইসলামে তাওয়াক্কুল বলতে বোঝায় আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা স্থাপন করা। তবে এর অর্থ কখনোই কর্মবিমুখ হয়ে বসে থাকা নয়। বরং একজন মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে, বৈধ উপায় অবলম্বন করবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখবে। কুরআন ও সুন্নাহ বারবার এই ভারসাম্যপূর্ণ শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। অনেক মানুষ মনে করেন, যেহেতু সবকিছু তাকদীর অনুযায়ী ঘটে, তাই মানুষের চেষ্টা বা পরিকল্পনার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা পৃথিবীকে কার্যকারণ -এর নীতির ওপর পরিচালিত করেছেন। ক্ষুধা নিবারণের জন্য খাদ্য গ্রহণ করতে হয়, অসুস্থ হলে চিকিৎসা নিতে হয় এবং জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করতে হয়। এগুলো আল্লাহর নির্ধারিত প্রাকৃতিক নিয়মের অংশ।

হযরত উমর (রা.)-এর প্লেগের ঘটনা

তাওয়াক্কুলের প্রকৃত অর্থ বোঝাতে ইসলামের ইতিহাসে হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। একবার তিনি শাম (সিরিয়া) সফরে যাচ্ছিলেন। পথে জানতে পারলেন যে সেখানে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছে। তখন তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে, তাঁরা মদিনায় ফিরে যাবেন। এ সময় হযরত আবু উবাইদা (রা.) তাঁকে জিজ্ঞেস করলেন,

"আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাচ্ছেন?"

জবাবে হযরত উমর (রা.) বললেন,

"হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আল্লাহরই আরেক তাকদীরের দিকে যাচ্ছি।"

এরপর তিনি একটি সুন্দর উদাহরণ দেন। তিনি বলেন, যদি কোনো ব্যক্তির উট এমন একটি উপত্যকায় পৌঁছায়, যেখানে একদিকে সবুজ ঘাস এবং অন্যদিকে অনুর্বর জমি থাকে, তবে সে অবশ্যই সবুজ ঘাসের দিকেই উট চরাবে। এটিও আল্লাহর তাকদীর, আবার অনুর্বর স্থানে চরালেও সেটিও আল্লাহর তাকদীর। কিন্তু জ্ঞান ও বিবেকের দাবি হলো মানুষের জন্য উপকারী পথটি বেছে নেওয়া।

এই ঘটনা থেকে বোঝা যায় যে তাকদীরে বিশ্বাস মানুষকে বিপদে ঝাঁপিয়ে পড়ার শিক্ষা দেয় না; বরং ক্ষতি এড়িয়ে কল্যাণের পথ বেছে নেওয়ার শিক্ষা দেয়।

প্রকৃত তাওয়াক্কুল কী?

অনেকেই মনে করেন, আল্লাহর ওপর ভরসা করার অর্থ কোনো পরিকল্পনা না করা, বা কোনো চেষ্টা না করা। কিন্তু রাসূলুল্লাহ -এর জীবন আমাদের ভিন্ন শিক্ষা দেয়। তিনি প্রতিটি কাজে পরিকল্পনা করতেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন এবং তারপর আল্লাহর ওপর ভরসা করতেন।

তিনি বলেন,

"তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন, যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে।"

এই হাদিসে লক্ষ্য করলে দেখা যায়, পাখিরা বাসায় বসে থাকে না। তারা খাদ্যের সন্ধানে বের হয়, চেষ্টা করে এবং তারপর আল্লাহ তাদের রিজিক দান করেন। অর্থাৎ চেষ্টা এবং তাওয়াক্কুল দুটিই একসঙ্গে থাকতে হবে।

একইভাবে হযরত উমর (রা.) বলেছেন,

"তোমাদের কেউ যেন জীবিকার জন্য চেষ্টা করা বন্ধ না করে এবং শুধু দোয়া করতে না থাকে। কারণ আকাশ থেকে কখনো স্বর্ণ বা রৌপ্য বর্ষিত হয় না।"

এই বক্তব্য আমাদের শিক্ষা দেয় যে ইসলাম অলসতা বা কর্মবিমুখতাকে সমর্থন করে না। বরং পরিশ্রম, পরিকল্পনা এবং আল্লাহর ওপর ভরসা এই তিনটির সমন্বয়ই একজন মুমিনের বৈশিষ্ট্য।

দোয়া, চেষ্টা ও আল্লাহর ইচ্ছা

ইসলামে দোয়া এবং চেষ্টা পরস্পরের পরিপূরক। মানুষ চেষ্টা করবে, কিন্তু বিশ্বাস রাখবে যে সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।

এ কারণেই কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন: 

"কোনো বিষয়ে কখনো বলো না, 'আমি আগামীকাল এটি করব', বরং বলো, 'ইন শা আল্লাহ (আল্লাহ চাইলে)'।"

এই শিক্ষা মানুষকে বিনয়ী করে এবং স্মরণ করিয়ে দেয় যে মানুষের পরিকল্পনা তখনই সফল হয়, যখন আল্লাহ তা কার্যকর করেন।

তাকদীর বাস্তবায়িত হওয়ার আগে ও পরে একজন মুমিনের করণীয়

ইমাম ইবন তাইমিয়্যা (রহ.) তাকদীরের সঙ্গে মানুষের সম্পর্ককে দুটি পর্যায়ে ব্যাখ্যা করেছেন।

প্রথম পর্যায়, কোনো ঘটনা ঘটার আগে। এই সময় একজন মুমিনের করণীয় হলো: 

  • আল্লাহর ওপর ভরসা করা।
  • আন্তরিকভাবে দোয়া করা।
  • প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা।
  • সর্বোচ্চ চেষ্টা করা।
  • বৈধ উপায় অবলম্বন করা।

দ্বিতীয় পর্যায়, ঘটনা ঘটে যাওয়ার পরে।

যদি ফলাফল অনুকূল হয়, তবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর যদি কোনো বিপদ বা ক্ষতি হয়, তবে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে।

বিপদে ধৈর্য ও তাকদীর মেনে নেওয়া

জীবনে বিপদ-আপদ, রোগ, দুঃখ-কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হওয়া মানুষের স্বাভাবিক বাস্তবতা। ইসলাম শিক্ষা দেয়, এসব অবস্থায় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে।

রাসূলুল্লাহ বলেছেন: 

"যদি তোমার ওপর কোনো বিপদ আসে, তবে কখনো বলো না, যদি আমি এমন করতাম, তাহলে এমন হতো না।' বরং বলো, 'আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে।' কারণ 'যদি' শব্দটি শয়তানের কুমন্ত্রণা দেওয়ার দরজা খুলে দেয়।"

এই হাদিসের শিক্ষা হলো, অতীতের ঘটনাকে নিয়ে অনুশোচনায় ডুবে থাকা উচিত নয়। বরং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

তবে এর অর্থ এই নয় যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেবে না। বরং রাসূল বলেছেন,

"একজন মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।"

অর্থাৎ একজন মুমিন অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে এবং একই ভুল পুনরায় করবে না।

৫. উপসংহার

তাকদীর সম্পর্কে সঠিক ধারণা একজন মানুষকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ মনোভাব গ্রহণ করতে সাহায্য করে। সে বুঝতে শেখে যে পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর জ্ঞানের বাইরে নয়, আবার একই সঙ্গে মানুষের নিজের কর্ম ও সিদ্ধান্তেরও মূল্য রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে তাকদীরকে কেন্দ্র করে মুসলিম সমাজে দুটি চরমপন্থী মতবাদের জন্ম হয়েছিল। কাদারিয়্যাহ মানুষের স্বাধীন ইচ্ছাকে এত বেশি গুরুত্ব দিয়েছিল যে তারা আল্লাহর সর্বময় নিয়ন্ত্রণকে অস্বীকার করার পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে জাবারিয়্যাহ আল্লাহর পূর্বনির্ধারণকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যে মানুষের ব্যক্তিগত দায়িত্ব ও স্বাধীন ইচ্ছার গুরুত্ব প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই দুটি মতবাদই কুরআন ও সুন্নাহর ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিপন্থী। কুরআন ও সুন্নাহ এ বিষয়ে একটি মধ্যপন্থা উপস্থাপন করেছে। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগতের সর্বময় অধিপতি। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন এবং তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংঘটিত হয় না। কিন্তু একই সঙ্গে তিনি মানুষকে বিবেক, জ্ঞান, চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দান করেছেন। মানুষ নিজের ইচ্ছায় ভালো বা মন্দ পথ নির্বাচন করে এবং সেই কারণেই সে তার কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে।

তাকদীরের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য ও সন্তুষ্টি। মানুষের জীবনে সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, লাভ-ক্ষতি এবং বিভিন্ন পরীক্ষা আসবেই। একজন মুমিন বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, ধৈর্য ধারণ করে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করে। আবার সফলতার সময় সে অহংকারে লিপ্ত না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এভাবেই তাকদীরের প্রতি সঠিক বিশ্বাস মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে এবং তাকে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দান করে। তবে তাকদীরের প্রকৃত রহস্য মানুষের জ্ঞানের সম্পূর্ণ আওতার বাইরে। আল্লাহ তাআলা সময় ও স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে অবস্থান করেন, অথচ মানুষ সীমিত জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী। এই কারণেই কুরআন, সুন্নাহ এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ তাকদীর সম্পর্কে অপ্রয়োজনীয় দার্শনিক বিতর্কে জড়াতে নিষেধ করেছেন। একজন মুসলিমের কর্তব্য হলো আল্লাহ ও তাঁর রাসূল যতটুকু শিক্ষা দিয়েছেন, ততটুকু বিশ্বাস করা এবং সেই বিশ্বাসকে নিজের জীবনে বাস্তবায়ন করা।

বর্তমান যুগে অনেক মানুষ তাকদীরকে ভুলভাবে ব্যাখ্যা করে নিজেদের ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করে। আবার কেউ কেউ মনে করেন যে মানুষের প্রচেষ্টাই সবকিছু এবং আল্লাহর ইচ্ছার কোনো ভূমিকা নেই। এই দুই ধারণাই ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলামের প্রকৃত শিক্ষা হলো: পরিশ্রম করবে মানুষ, সফলতা দেবেন আল্লাহ; সিদ্ধান্ত নেবে মানুষ, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হবে আল্লাহর ইচ্ছায়; বিপদে ধৈর্য ধরবে মানুষ, আর প্রতিদান দেবেন আল্লাহ।

সুতরাং, তাকদীর সম্পর্কে ইসলামের মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে দায়িত্ববোধ, কর্মপ্রেরণা, আত্মবিশ্বাস, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সৃষ্টি করে। এই বিশ্বাস একজন মুসলিমকে শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা, নেক আমল করা, আন্তরিকভাবে দোয়া করা এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর নির্ভর করাই প্রকৃত ঈমানের পরিচয়। এভাবেই তাকদীরের প্রতি সঠিক বিশ্বাস দুনিয়ার জীবনকে অর্থবহ করে তোলে এবং আখিরাতে চিরস্থায়ী সফলতার পথ সুগম করে।

Related Posts

Leave A Comment

Voting Poll

Get Newsletter